উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাম্মিয়ারা পারভীন ও তার স্বামী কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল।

মামলার এজাহারে জানা যায়, কুষ্টিয়া সদরের ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সাম্মিয়ারা পারভীন (৪২) দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ৩ লাখ ৬৫ হাজার ৪৬৮ টাকার সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য দিয়ে গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের সঙ্গে ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ধরনের অপরাধ সংঘটনে সাম্মিয়ারা পারভীনের স্বামী কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা (৪৭) সহায়তা করে অপরাধ করেছেন।