কেন্দুয়ায় পুকুরে ভাসছিল যুবকের মরদেহ

নেত্রকোণার কেন্দুয়া ডোবা থেকে বিজয় চন্দ্র বর্মন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ দিকে কেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজয় বর্মন উপজেলার ওই গ্রামের ইতিন বর্মনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিজয় বর্মন গত রবিবার থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার রাতে দেওপাড়া গ্রামের বকুল মিয়ার বাড়ির পেছনের পুকুরে বিজয় বর্মনের লাশ দেখতে পায় স্থানীয় এক কৃষক। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজয়ের লাশ ফুলে গিয়েছিল এবং পুকুরের পাড়ে নেশা জাতীয় বিভিন্ন দ্রব্য পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সে মাদক সেবন করে পুকুরে পরে গিয়েছিল।

নিহত বিজয়ের মামা মনু বর্মন জানান, বিজয় বর্মন দীর্ঘ দিন যাবৎ নেশা জাতীয় দ্রব্য সেবন করত। আমরা না করা সত্ত্বেও সে শুনত না। বিজয় গত রবিবার থেকে নিখোঁজ ছিল। আজ মঙ্গলবার রাতে খবর পেয়ে পুকুরে তার লাশ দেখতে পাই। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক আব্দুল জলিল বলেন, উপজেলার দেওপাড়া গ্রামের ইতিন বর্মনের ছেলে বিজয় বর্মনের লাশ বকুল মিয়ার পুকুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। আগামীকাল বুধবার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ঘটনার আসল কারণ জানা যাবে।