‘হাতে বন্দুক-জলকামান থাকলে সরকার কেন ক্ষমতায় থাকবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে। সরকার ক্ষমতায় আছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি; গায়ের জোরে ক্ষমতায় তো থাকাই যায়! গায়ের জোরে ক্ষমতায় থাকা যাবে না কেন? হাতে যদি বন্দুক থাকে, টিয়ার গ্যাস থাকে, হ্যান্ড গ্রেনেড থাকে, জলকামান থাকে তো ক্ষমতায় কেন থাকবে না!'

আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এই কথা বলেন।

মঈন খান বলেন, ‘তারা কি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আছে? ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসনটা হয়েছিল, আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ কীভাবে সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। তারা নীরবে বর্জন করেছে। বাংলাদেশের মানুষ তো লগি-বৈঠার রাজনীতি করে না, বিএনপিও লগি-বৈঠার রাজনীতি করে না। কাজেই সরকার তাদের বুলেটের জোরে, বন্দুকের জোরে যা খুশি করছে। আমরা নীরব প্রতিবাদ করছি। আমরা শান্তিপূর্ণ রাজনীতি, নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র যদি শান্তিপূর্ণ প্রক্রিয়া হয়, সেটি অর্জন করার বা পুনরুদ্ধার করার প্রক্রিয়াও হতে হবে শান্তিপূর্ণ। গায়ে জোরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমরা সেই নীতিতে আমরা বিশ্বাস করি না।’