প্রথম দশ ওভারে বাংলাদেশি বোলারদের হতাশ করেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা মিলে শরিফুল ইসলামদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। তাতে প্রথম পাওয়ারপ্লেতে ভেঙেছে শ্রীলঙ্কার ওপেনিং জুটিতে উঠেছে ৭১ রান। একচ্ছত্র ভাগ থাকার কথা ছিল শ্রীলঙ্কারই। শেষে এসে তা হতে দিলেন না তানজিম হাসান সাকিব। টানা তিন ওভারে উইকেট নিয়ে রানের চাকার গতি কিছুটা হলেও মন্থর করেছেন এই ক্রিকেটার।
আঁটসাঁট লাইনে আভিস্কাকে একটু হতাশ করেছেন তানজিম। এরপর অফ স্টাম্পের বাইরে করেছিলেন। তাতে ব্যাট ছুড়েছিলেন আভিস্কা। কানায় লেগে উইকেটের পেছনে গেছে ক্যাচ। মুশফিক ভুল করেননি। ৩৩ রানে ফিরে যান আভিস্কা।
নিজের পরের ওভারে আবার আঘাত হানেন সাকিব। গালিতে ছিলেন ফিল্ডার সৌম্য সরকার। সাকিবের শর্ট বলে পুল করতে গিয়েছিলেন নিশাঙ্কা। তবে শট খেলে ফেলেন বেশ আগেই। ব্যাটের একেবারে নিচের দিকের কানায় লেগে ক্যাচ গেছে সৌম্যর কাছে। প্রস্তুত ছিলেন সৌম্য। তবুও অবাক হয়ে গেছেন ক্যাচ নেওয়ার পর। এমন শটে সেখানে ক্যাচ যাবে সেটি ঠিক স্বাভাবিক নয়। পরপর ২ ওভারে দুই থিতু ওপেনারকে ফেরালেন তানজিম। নিশাঙ্কা থামলেন ২৮ বলে ৩৬ রান করে।
৩ ওভারে তানজিমের ৩ উইকেট! সর্বশেষ তার শিকার সাদিরা সামারাবিক্রমা। ভেতরের দিকে ঢোকা বলে মিডউইকেটের দিকে ফ্লিক করতে চেয়েছিলেন সামারাবিক্রমা। সফল হননি। ব্যাটের কানায় লেগে ক্যাচ গেছে উইকেটের পেছনে। বলের লাইন অনুসরণ করে লেগ সাইডে সরে যাওয়া মুশফিক ডান দিকে ডাইভ দিয়ে নিয়েছেন দারুণ ক্যাচ।