লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার এলাকায় চলন্ত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে ঢিল মেরে গ্লাস ভেঙে দিয়েছে দুবৃর্ত্তরা।
গতকার মঙ্গলবার (১২ মার্চ) সকালে লালমনিরহাটের বুড়িমারীতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। উদ্বোধন শেষে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ফেরার পথে হাতীবান্ধা উপজেলার ঘুন্টিবাজার এলাকায় এলে দুবৃর্ত্তরা রেললাইনের পাথর দিয়ে ঢিল মেরে জানালার গ্লাস ভেঙে দেয়।
ওই ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বলেন, আমি ঢাকার উদ্দেশ্যে হাতীবান্ধা রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেসে উঠি। পথিমধ্যে উপজেলার ঘুন্টিবাজার এলাকা পাড় হলে কে বা কারা ঢিল মারে। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙে ঢিল ভেতরে ঢুকে। তবে এতে কেউ আহত হয়নি।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি৷ এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে।