রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে ফার্নিচার মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে ফার্নিচার পল্লীতে একটি বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়। পরে মার্কেটে থাকা একটি লেপ তোষকের দোকানে আগুন লেগে যায়। দ্রুত সময়ে আগুন পুরো ফার্নিচার মার্কেটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আসার আগে মার্কেটের ৯টি দোকার পুড়ে গেছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান বলেন, এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় মার্কেটের কয়েকজন দোকান মালিক, শ্রমিক আহত হয়েছেন। তদন্তের পর ক্ষতির পরিমাণ জানা যাবে।