নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 

ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে এনামুল হক (৪৫) নামে এক যুবক খুন হয়েছে। উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি চারিয়া গ্রামে বুধবার (১৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মৃত আ. হেকিমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন পূর্বে একই এলাকায় ঘটে যাওয়া ধর্ষণ মামলার আসামি ছিলেন এনামুল। ধর্ষণের ঘটনায় চাচাতো ভাই আবুল ইসলামদের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ বিকালে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় এনামুল। পরে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামি পক্ষ পালাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চলছে।  যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।