ন্যাশভিল বাধা এবার কিভাবে পেরোবেন মেসি

নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলো রাউন্ডের দ্বিতীয় লেগে ন্যাশভিলের বিপক্ষে মায়ামিকে নেতৃত্ব্ দেবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কাল বাংলাদেশ সময় ভোর ৬.১৫টায় মুখোমুখি হবে দুই দল। চলতি মৌসুমে ইন্টার মায়ামির প্রথম হার ডাগআউটে বসেই দেখতে হয় মেসিকে। এমএলএসে মন্ট্রিয়েলের কাছে ৩-২ ব্যবধানে হারা সেই ম্যাচে মেসিকে মাঠে নামাননি মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো।

তবে যেহেতু চ্যাম্পিয়নস কাপের ম্যাচ তাই গুরুত্ব বিবেচনায় এ ম্যাচে মেসিকে কেন্দ্র করেই মার্তিনো একাদশ সাজাবেন বলে মায়ামি সূত্রে জানা গেছে। প্রথম লেগের ফল ড্র হলেও ন্যাশভিলের মাঠে দুই গোল করায় এগিয়ে রয়েছে মায়ামি। আগামীকালের ম্যাচে ০-০ বা ১-১ ব্যবধানের ড্র হলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে মায়ামির। সঙ্গে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পথেও আরও এক ধাপ এগিয়ে যাবেন মেসি ও তার বাহিনী। অবশ্য ঘরের মাঠে মায়ামির জয়ই প্রত্যাশা করছে সমর্থকরা।

নিজেদের শেষ ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ন্যাশভিল। আগের ম্যাচে মেসির না খেলা মার্তিনোর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ ছিল। মার্তিনো জানান, ‘আমরা অনেক আগেই ঠিক করে রেখেছিলাম অবস্থা যাই দাঁড়াক মন্ট্রিয়েলের বিপক্ষে মেসিকে বিশ্রাম দেওয়া হবে। তার সঙ্গে ন্যাশভিল ম্যাচের কোনো সম্পর্ক নেই।’

ইউরোপে বা এশিয়ার চ্যাম্পিয়নস ট্রফির মতোই উত্তর আমেরিকা মহাদেশের ফুটবলে ক্লাব পর্যায়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ। আর্থিক প্রাইজমানি ছাড়াও এ প্রতিযোগিতার বিজয়ী জায়গা করে নেয় ফিফা ক্লাব বিশ্বকাপে। ইন্টার মায়ামিতে যোগ দিয়ে গত মৌসুমে লিগস কাপ দিয়ে প্রথম শিরোপা এনে দেওয়ার পর মেসি চাইবেন তার ক্লাবটিকে নিয়ে বিশ্বকাপেও খেলতে। একই রকম ইচ্ছা লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবাদেরও।

মন্ট্রিয়েলের বিপক্ষে হার নিয়ে তাই মোটেও চিন্তিত নন মার্তিনো। বরং তার দৃষ্টি সামনের দিকে। মেসিকে নিয়ে মার্তিনো বলেছেন, ‘এক নম্বর খেলোয়াড়েরা ক্যারিয়ারজুড়ে একই ধারা বজায় রাখে। তারা যেখানেই খেলুক, একইভাবে লড়াই করে এবং জেতার আকাঙ্ক্ষা করে। এটাই তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।’

ন্যাশভিলের সঙ্গে আগামীকালের ম্যাচের পর এমএলএসের পঞ্চম ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও খেলবেন মেসি। তারপর যোগ দেবেন ফিলাডেলফিয়ায় আর্জেন্টিনা শিবিরে। ২২ মার্চ এল সালভাদরের বিপক্ষে প্রীতি তথা কোপার প্রস্তুতি ম্যাচ খেলবেন আর্জেন্টিনা অধিনায়ক।