ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাধীন ধর্মীয় চর্চার আলোচনায় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে হিংসাত্মক সব পথ পরিহার করে পবিত্র রমজান মাসের পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রেখে ক্যাম্পাসে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। অন্যথায় অতিউৎসাহী ভূমিকার জন্য ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে অচিরেই এদেশের শিক্ষার্থীদের কাঠগড়ায় জবাবদিহিতা ও যথাযথ বিচারের সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেন নেতারা।
বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীদের আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলার প্রতিবাদে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার তীর্থস্থান। অথচ চলমান শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে দলীয় সংকীর্ণ ও নীতিভ্রষ্ট এজেন্ডা বাস্তবায়নের মিনি ক্যান্টনমেন্ট। যেখানে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে চলেছে প্রতিনিয়ত।
ছাত্রদলের শীর্ষ দুই নেতা বলেন, সম্প্রতি ইফতার আয়োজন বন্ধের আহ্বান জানানোর পর বিভিন্ন ক্যাম্পাসে ইফতার মাহফিল আয়োজনে বিধিনিষেধ আরোপে শিক্ষার্থীদের সাড়া না পেয়ে আজ দেশের সর্বোচ্চ বিদ্যপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীদের আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে ন্যক্কারজনক হামলা করেছে ছাত্রলীগ। এ হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী মো. শাহিন ও শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মো. সাকিবসহ আরও কয়েকজন।