বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’-এ অগ্নিকান্ডের পর পুলিশের অভিযানে রেস্টুরেন্ট শ্রমিকদের গ্রেপ্তার কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে ওই ঘটনার পর কত সংখ্যক রেস্টুরেন্ট শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে তার তালিকা চেয়েছে উচ্চ আদালত। আদেশের ৩০ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে শ্রমিকের সংখ্যাসহ বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট।
সংশ্লিষ্ট বিষয়ে জনস্বার্থে করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, পুলিশের মহাপরিদর্শক ও রাজউক চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলেছে আদালত।
গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ আবেদনটি করেন আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী। আবেদনে তারা বেইলি রোডের অগ্নিকা-ের পর প্রায় ৮০০ নিরপরাধ শ্রমিককে গ্রেপ্তারের বিষয়টি চ্যালেঞ্জ করেন।