মেয়র তাপস বললেন

রোজার ঈদের পর বঙ্গবাজার মার্কেটের নির্মাণকাজ শুরু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেছেন, ‘রোজার ঈদের পর পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের নির্মাণকাজ শুরু হবে। আমাদের দরপত্র কার্যক্রম প্রায় শেষ। সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেখানে উঠিয়ে দেওয়া হবে। আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

গতকাল বুধবার দুপুরে সেগুনবাগিচা কমিউনিটি সেন্টারে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ ইফতারসামগ্রী বিতরণের আয়োজন করে।

মেয়র তাপস বলেন, ‘বঙ্গবাজারে এখন যেভাবে ব্যবসা পরিচালিত হচ্ছে, ঈদ পর্যন্ত সেভাবেই পরিচালিত হবে। ঈদের পর সেখানে নতুন মার্কেট নির্মাণকাজে হাত দেব। ক্ষতিগ্রস্ত মার্কেটসহ অবকাঠামো উন্নয়নে ২০ নম্বর ওয়ার্ডে ৬০০ কোটি টাকার বেশি কার্যক্রম চলমান রয়েছে।’

দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশে আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে বাংলাদেশকে আলিঙ্গন করে রেখেছেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। শুধু অবকাঠামো উন্নয়নই নয়, সবক্ষেত্রেই সব শ্রেণি-পেশার মানুষের কী প্রয়োজন, কী চাহিদা তিনি সেগুলো বিবেচনা করেন। আজকে যখন করোনা মহামারী ও যুদ্ধের কারণে সারা বিশ্বে দ্রব্যমূল্যের নাভিশ্বাস, তখন তিনি সারা বাংলাদেশে এক কোটি পরিবারকে টিসিবি কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। এই টিসিবি কার্ডের মাধ্যমে তিনি ন্যায্যমূল্যে সাধারণ মানুষকে নিত্যপণ্য দিয়ে চলেছেন। এভাবেই সাধারণ মানুষের কষ্ট লাঘবে তিনি ব্যবস্থা নিয়ে চলেছেন এবং তা চলমান রেখেছেন।’

২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন বলেন, অনুষ্ঠানে এই ওয়ার্ডের নিম্ন আয়ের ৫০০ মানুষের কাছে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। রমজানের মধ্যে আরও ৫০০ মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হবে। বিতরণ করা প্রতিটি প্যাকেটে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনিসহ মোট ৯ ধরনের খাদ্যসামগ্রী রয়েছে।