দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে : ড. মঈন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। রোজা রেখে ঠিকমতো ইফতার পর্যন্ত করতে পারে না সাধারণ মানুষ। দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা।’ গতকাল বুধবার সকালে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর শাহজাহানপুরে বাসায় তার খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের ড. মঈন খান এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘দেশকে শুষে নিয়েছে। বিএনপি সরকারে যাওয়ার আন্দোলন করছে না, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের জন্য বিএনপি আন্দোলন করছে। সরকারের বিদায় ছাড়া এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সরকার ভীত হয়ে আইন ভেঙে বিরোধী দলের রাজনীতিতে বাধা দিচ্ছে। গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে ও কারাগারে তাদের নির্মম অত্যাচার করা হয়েছে।’

বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতেই নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন করা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, ‘এই সরকার বুলেট, বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় এসেছে। ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।