ভিকারুননিসা নূন স্কুল

১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে এ আবেদন করা হয়। চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ বিষয়ে আগামী রবিবার শুনানির দিন ধার্য করেছেন।

সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য মতে, গত বছর ১৯ ডিসেম্বর স্কুল কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারাই শুধু প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। তবে ফলাফলে দেখা যায়, ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেওয়া শিশুদেরও ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ। ভর্তির এ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত জানুয়ারির প্রথম সপ্তাহে হাইকোর্টে রিট আবেদন করেন কয়েকজন অভিভাবক।

আবেদনের শুনানি নিয়ে গত ২৩ জানুয়ারি হাইকোর্ট মাউশির মহাপরিচালককে অভিভাবকদের আবেদন নিষ্পত্তিসহ ভর্তির বৈধতা প্রশ্নে রুল দেয় হাইকোর্ট। গত ২৮ ফেব্রুয়ারি এসব শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে ভিকারুননিসাকে নির্দেশনার সিদ্ধান্তের কথা জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরপর ৬ মার্চ স্কুল কর্তৃপক্ষ ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের বিষয়ে হলফনামা আকারে প্রতিবেদন দেয়। ওইদিন হাইকোর্ট ১৬৯টি খালি আসনে অপেক্ষমাণদের থেকে শিক্ষার্থী ভর্তি নিয়ে পূরণ করতে আদেশ দেয়।

এর ধারাবাহিকতায় হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিভাবকদের পক্ষে চেম্বার আদালতে এ আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। সাঈদ আহমেদ রাজা দেশ রূপান্তরকে বলেন, ‘অনলাইনে ভর্তির পর শিক্ষার্থীরা তিন মাস ক্লাস করেছে। কোনো ভুল থাকলে অনলাইনেই তা ধরা পড়ত। এসব যুক্তিতে আমরা আবেদন করেছি। আদালত রবিবার শুনবে।’