'সেবার ব্রতে চাকরি' এই স্লোগানের শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে মাদারীপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেয়েছেন ২৯ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।
গতকাল সন্ধ্যায় মাদারীপুর পুলিশ লাইনসে নতুন চাকরি পাওয়ায় এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম। এতে ২৫ জন ছেলে এবং চারজন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয় জেলা পুলিশ।
কোনোপ্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদারিদ্র ও মধ্যবিত্ত পরিবারে এসব তরুণ-তরুণী। এ জন্য বর্তমান সরকারপ্রধানকে ধন্যবাদ জানায় তারা।
জানা গেছে, মাদারীপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ২৯ জনের শূন্যপদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১১০০ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ২০০ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণকারীর মধ্যে চূড়ান্তভাবে ২৯ জনকে (২৫ জন ছেলে ও চারজন মেয়ে) মনোনীত করে মাদারীপুর জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড। এতে অপেক্ষমাণ রাখা হয় আরও পাঁচ ছেলে ও দুই মেয়েকে। ২৯ জনের মধ্যে সাধারণ কোটা ১৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় চারজন, পোষ্য কোটায় তিনজন, নারী সাধারণ কোটায় চারজন। এছাড়া পাঁচজন পুরুষ ও দুজন নারীকে ওয়েটিংয়ে রাখা হয়েছে।
নিজ যোগ্যতায় ও মেধায় চাকরির ফলাফল পাওয়া মাত্রই ২৯ জন তরুণ-তরুণী আনন্দে বিমোহিত হয়। এ সময় পুলিশের ড্রিল শেড মুহূর্তের মধ্যে পরিণত হয় আনন্দ ও কান্নার মিলনমেলায়। অনেকের নাম ঘোষণার পরপরই দুই নয়ন অশ্রুতে ভিজে যায়। অনেকেই চাকরি পেয়ে আনন্দ উল্লাস করেন।
মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ চাকরি পেল ২৯ তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। তাদের আবেদন করতে খরচ হয়েছে ১২০ টাকা, সেটিই তাদের খরচ। আশা করছি, আজকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তাদের জন্য রইল অনেক শুভ কামনা।