আমরা প্রতিটি রোগীর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিয়ে চিকিৎসকদের সাথে সভা করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসকদের সাথে এই বোর্ড সভা করেন স্বাস্থ্যমন্ত্রী। 

সভায় ভর্তি রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানেন স্বাস্থ্যমন্ত্রী। ভর্তিকৃতদের মধ্যে কতজন শিশু, কতজনের অবস্থা বেশি গুরুতর, কতজন আইসিইউ, এইসডিওতে ভর্তি আছে তার খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী।

দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি নিজে বহন করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সভায় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে বলেন, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের শারীরিক কষ্ট অনেক। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্যদের মতো করে আমাদের সবাইকে চিন্তা করতে হবে। দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারব না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টার কোনো অবহেলা না থাকে সেটি নিশ্চিত করতে হবে।

সভায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ৩২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়। এই ৩২ জনের মধ্যে পাঁচজন রোগী আইসিইউ এবং দুজন এইচডিইউতে ভর্তি। রোগীদের মধ্যে ১০০ ভাগ দগ্ধ রোগী আছেন একজন, ৯৫ ভাগ দগ্ধ রোগী আছে তিনজন এবং ৫০-১০০ ভাগ দগ্ধ রোগী আছে ১৬ জন বলে জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান, অধ্যাপক (রেডিওলোজি) ডা. খলিলুর রহমান, অধ্যাপক (এনেস্থিসিওলজি) ডা. আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি) ডা. হাসিব রহমান, সহযোগী অধ্যাপক (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি) ডা. হোসাইন ইমাম (ইমু) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ।