গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ৩৬ জন দগ্ধের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির কথা জানান গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে শিশু, নারীসহ ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জন আছে ঢাকায় আর দুই জন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, এটা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে যারা থাকেন, তাদের গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে অভিজ্ঞতা কম। যার কারণে এমন ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে অগ্নি মহরা দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এ ছাড়া অগ্নিদগ্ধদের সার্বিক সহযোগিতা করা হবে এবং সার্বক্ষণিক তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে।
এদিন সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পরিদর্শনকালে তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমেরী হোসেন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলমসহ অনেকে।
গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, এখানে যে ঘটনা ঘটেছে সেটি খুবই মর্মাহত। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, এজন্য জনসচেতনতা প্রয়োজন। আইনের কাঠামো থেকে যারা এর ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করে তাদের ডিলারশিপ ঠিক আছে কি না সেগুলি দেখা হবে।