রাজধানীতে বহুতল ভবনে আগুন জীবিত উদ্ধার ৪

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনে লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ওই ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ অগ্নিকা-ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার ইফতারের সময় ভবনটির দ্বিতীয়তলায় একটি কার্পেটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপরি নেভানো সম্ভব হয় রাত ৯টা ৪৫ মিনিটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে কাজ শুরু করে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় নৌবাহিনীর দুটি ইউনিট।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ভবনের দ্বিতীয়তলায় আগুন লেগেছিল। সেখানে কার্পেট ও রাবার ভরপুর ছিল। সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় দুই পাশ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। সম্পদের ক্ষয়ক্ষতি ও ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক, অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল কি না, এগুলো তদন্তের পর বলা যাবে।

এ কর্মকর্তা আরও জানান, ভবনটির ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, আগুন লাগার পর ভবনের সামনে উৎসুক জনতা ভিড় জমায়। এ সময় চারপাশে তীব্র যানজট তৈরি হয়। এতে ফায়ার সার্ভিসের গাড়ি যেতেও বিলম্ব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল পুলিশ ও র‌্যাব।