চট্টগ্রামে আবু বকর নামে এক যুবকের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে তিন কোটি টাকার বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন সরানোর ঘটনায় অভিযুক্ত এক পুলিশ পরিদর্শকের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। পাশাপাশি ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
গত ১২ মার্চ সিএমপি কমিশনার এই নির্দেশ জারি করলেও বিষয়টি জানাজানি হয় গতকাল বৃহস্পতিবার।
বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার স্পিনা রানী প্রামাণিক।
সাময়িক বরখাস্ত হওয়া ছয় পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া, মো. শাহ পরাণ জান্নাত ও মইনুল হোসেন, কনস্টেবল মো. জাহিদুর রহমান ও আবদুর রহমান।
ভুক্তভোগী আবু বকর সিদ্দিকের অভিযোগ, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ থানাধীন গুলবাগ আবাসিক এলাকায় একটি কুলিং কর্নারে চা পান করার সময় তাকে আটক করেন ডিবির পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম। ওই রাতে তাকে নগরের মনসুরাবাদে ডিবি হেফাজতে রাখা হয়। একপর্যায়ে জোর করে তার হাতের আঙুলের ছাপ নিয়ে লক খুলে তার দুটি ব্যাংক অ্যাকাউন্টের ৫ লাখ করে ১০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানান্তর করে নেন ডিবি সদস্যরা। এ ছাড়া তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৭২ হাজার ২২১ ডলার সরিয়ে নেন তারা।
ঘটনার নেপথ্যে নগর ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমীনসহ সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়ায় তাদের প্রত্যাহার করে নেয় নগর-পুলিশ কর্তৃপক্ষ। পাশাপাশি কাউসার নামে এক সোর্সকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ২ লাখ ৮ হাজার ৩৮০ ডলার উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি।
ডিবি সূত্র জানায়, আবু বকরের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সরানো ২ লাখ ৭২ হাজার ২২১ ডলার এবং তার ব্যাংক হিসাব থেকে সরানো ১০ লাখ টাকা যায় ডিবি পুলিশের দুই সোর্সের অ্যাকাউন্টে। তারা হলেন দুবাইপ্রবাসী জাহিদ হোসেন ও কাউসার আহম্মদ। এর মধ্যে ডলার যায় সোর্স কাউসারের অনলাইন ওয়ালেটে।
সূত্রটি জানায়, গ্রেপ্তার হওয়া কাউসার পুলিশের এএসআই বাবুল মিয়ার সোর্স। ‘অনলাইন জুয়া খেলার’ অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি রাতে বায়েজিদ থানা এলাকা থেকে আবু বকরকে গ্রেপ্তারকালে ডিবি পুলিশের সঙ্গে ছিলেন কাউসার। জানা গেছে, প্রবাসী জাহিদ হোসেনের বাড়ি নগরীর পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়া শান্তা পুকুরপাড় এলাকায়। কাউসার আহম্মদের বাড়ি কুমিল্লার লাকসাম থানার চেংগাচাল গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আবু বকরের ব্যাংক অ্যাকাউন্টে থাকা ১০ লাখ হাতিয়ে নেয় ২৬ ফেব্রুয়ারি অভিযানে থাকা ডিবি পুলিশ। এই টাকা যায় জাহিদ হোসেনের দুটি ব্যাংক হিসাবে। আবু বকরের হিসাব নম্বর জাহিদকে সরবরাহ করেন এএসআই বাবুল মিয়া ও কনস্টেবল আবদুর রহমান। গত ২ মার্চ ডিবি পুলিশের সোর্স কাউসার, তার সহযোগী শাহাদাত হোসেন এবং আবু বকরকে আসামি করে পাল্টা মামলা করেন ডিবি পুলিশের এসআই আলমগীর হোসেন।
এজাহারে অভিযোগ করা হয়, আবু বকর ডিবি সোর্স কাউসারের পূর্বপরিচিত। বকরের নির্দেশে কাউসার তার সহযোগী শাহাদাতের সহায়তায় তার (আবু বকর) অ্যাকাউন্ট থেকে বিটকয়েন সরিয়ে নিয়েছেন।