বিপিএলের ফাইনালে একাদশে সুযোগ না মিললেও দুর্দান্ত ছন্দে ছিলেন ইমরুল কায়েস। মাত্র ৫ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। ৩০ গড়ে করেছেন ১৫২ রান। ছিল দুটি অর্ধশতরানের ইনিংস। সেই ধারাবাহিকতা অব্যাহত আছে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই অধিনায়ক আজ খেলেছেন শতরানের ইনিংস। সঙ্গী ছিলেন সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা আরিফুল ইলসামও।
একজন ওপেনার অন্যজন মিডল অর্ডার। তাদের ব্যাটে ভর করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লারে বিপক্ষে ২৬৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে মোহামেডান। সর্বোচ্চ ১১৫ রানের ইনিংস খেলেছেন আরিফুল ইসলাম। ১০৬ বলে সাজানো এই ইনিংসটি থেকে ৯টি চার ও ৪টি ছক্কা। ৮০ বলে নিজের ফিফটি পূর্ণ করেছিলেন। তারপরই শুরু করেন তাণ্ডব। বাকি ৬৬ রান আদায় করেন ২৬ বলে।
এছাড়া দলটির অধিনায়ক ইমরুল ১২৭ বল খেলে করেছেন ১০৬ রান। তার ব্যাট থেকে আসে ১০টি চার ও ২টি ছক্কা। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই পাননি উল্লেখযোগ্য কোনো সংগ্রহ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন আব্দুল্লাহ আল মামুন। একটি করে উইকেট আদায় করেন মানিক খান ও সোহাগ গাজী। ২৬৭ রানের লক্ষ্য নিয়ে একটু ব্যাটিংয়ে নামবে তারা।
দিনের অপর খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৮৮ রানের লক্ষ্য দিয়েছে সিটি ক্লাব। এছাড়া পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।