অপরাধ বেড়েছে নিউ ইয়র্কে, পাতাল রেলে জাতীয় রক্ষিবাহিনী মোতায়েন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় শহরের পাতাল রেলে স্টেশনে জাতীয় রক্ষিবাহিনী (ন্যাশনাল গার্ড) মোতায়েন করা হয়েছে। নিউ ইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুলের নির্দেশে জাতীয় রক্ষিবাহিনী মোতায়েন করা হয়৷ এর আগে নিউ ইয়র্ক সিটি মেয়র গত জানুয়ারির শেষ দিকে ওভারটাইমের মাধ্যমে যাত্রীসাধারণের নিরাপত্তায় প্রায় এক হাজার পুলিশ কর্মকর্তাকে পাতাল রেলে মোতায়েন করলে তাতে ব্যর্থ হন৷

গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এ বছর জানুয়ারি মাসে নিউ ইয়র্ক সিটির পাতাল রেলে ৪৬ শতাংশ অপরাধ বেড়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের ফেব্রুয়ারি মাসে ০১.১ শতাংশ অপরাধ কমেছে বলে জানিয়েছে সিটি ট্রানজিট বিভাগ। তবে নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কিছুটা কমলেও পাতাল রেলে অপরাধ ক্রমেই বেড়েই চলছে। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন নগরের বাসিন্দারা। চলতি বছরের প্রথম দুই মাসেই তিনটি হত্যাকাণ্ডসহ বেশ কিছু লোমহর্ষক অপরাধকাণ্ড ঘটেছে সিটির পাতাল রেলের বিভিন্ন স্টেশনে।

নিউ ইয়র্ক পুলিশের সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে উল্লেখ্যযোগ্য অপরাধের মধ্যে ২৭টি খুন, ১১৩টি ধর্ষণ, ১,১৬৬টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসব অপরাধের মধ্যে ছিল ২১টি খুন, ১১৬টি ধর্ষণ ও ১,২২২টি ছিনতাইয়ের ঘটনা। সব মিলিয়ে গত বছর ফেব্রুয়ারি মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিলো ৯,০২০টি, আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল ৮,৯১৯টি। অপরদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে সংঘটিত হেইট ক্রাইমের অপরাধের সংখ্যা ছিল ২৭টি আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংঘটিত হেইট ক্রাইমের সংখ্যা ছিলো ২৮টি।

এদিকে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ক্রাইম নিয়ন্ত্রণে এবার সীমান্তরক্ষী ন্যাশনাল গার্ড মোতায়েন করলেন গভর্নর ক্যাথি হোকুল। পাতাল রেলে টহলে নতুন এক হাজার ফোর্সের মধ্যে ৭০০ জন ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত কার্যকর করেছেন গভর্নর। গত ৭ মার্চ বৃহস্পতিবার নিউ ইয়র্ক পুলিশ ও ট্রানজিট পুলিশ সদস্যদের পাশাপাশি ন্যাশনাল গার্ডরা তাদের টহল শুরু করেছেন। পাতাল রেলে অপরাধের হার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় নিয়মিত পুলিশের পাশাপাশি সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ন্যাশনাল গার্ড মোতায়েনের এ সিদ্ধান্ত নেন গভর্নর।

নিউ ইয়র্ক সিটির পাতাল রেলস্টেশনে অপরাধীদের দৌরাত্ম নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে নতুন এক হাজার ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছিলেন গভর্নর ক্যাথি হোকুল। এর মধ্যে ৭০০ জনই সীমান্তরক্ষী বাহিনী ন্যাশনাল গার্ডের সদস্য। বৃহস্পতিবার সকাল থেকে সিটির বিভিন্ন পাতাল রেলে তাদের যাত্রীদের লাগেজ, ব্যাগ এবং ব্যাকপ্যাক তল্লাশি করতে দেখা যায়।

অপরদিকে নিউ ইয়র্ক সিটির ট্রানজিট ব্যবস্থা নিয়ে যেসব অ্যাডভোকেসি গ্রুপ কাজ করে তারা এরই মধ্যে স্টেট ও সিটি গভর্নমেন্টকে পাতাল রেলে অপরাধের ভয়াবহতা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, পাতাল রেলে অপরাধ অবিলম্বে নিয়ন্ত্রণ করা না গেলে সিটির গণপরিবহন থেকে আস্থা হারাবে সাধারণ নাগরিকরা।

সিটির যাত্রীরা বলছেন, পেশাদার অপরাধী ছাড়াও হোমলেসদের উৎপাতে যাত্রীদের বিড়ম্বনা লেগেই আছে। এসব নিয়ন্ত্রণে প্রশাসনকে নিষ্টুর কিছু পদক্ষেপ নিতে হবে বলে জানান তারা।

গভর্নর হোকুল যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্টেশসসমুহের প্রবেশ মুখে আকস্মিক ব্যাগ তল্লাশির নির্দেশও দিয়েছেন৷ কারো ব্যাগ তল্লাশিতে আপত্তি থাকলে সার সাবওয়ে ব্যবহারের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন গভর্নর হোকুল৷ মেয়র এডামস নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধ হ্রাস পাচ্ছে জানিয়ে বলেন, গুটিকয়েক অপরাধী গ্রেপ্তার হওয়ার দিনকয়েকের মধ্যে ছাড়া পেয়ে পুনরায় পাতাল রেলে এসে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে৷