সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি থাকা কেএসআরএমের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহকে আগের অবস্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জিম্মিরা গতকাল যে পয়েন্টে নোঙ্গর করেছিল আজ শুক্রবার সকাল সাড়ে ৩টায় সেখান থেকে চার কিলোমিটার উত্তর দিকে নিয়ে গেছে জাহাজ। তবে তা সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলের গ্যারাকাডেই রয়েছে। সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী ক্যাপ্টেন মেহেরুল করিম।
তিনি আজ সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘জলদস্যুরা জাহাজটি চার কিলোমিটার উত্তর দিকে নিয়েছে।’ কেন স্থানান্তর করতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জলদস্যুরা কি কারণে জাহাজটি সরিয়ে নিয়েছে তা জানি না। তবে আমরা জাহাজের অবস্থানের বিষয়ে নজর রাখছি।’
এদিকে জাহাজে আটক নাবিকদের উদ্ধার নিয়ে সরকার ও মালিকপক্ষ উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে যেমন যোগাযোগ করার চেষ্টা চলছে তেমনিভাবে মালিকপক্ষও পূর্বের অভিজ্ঞতার আলোকে উদ্বারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। একই কোম্পানির জাহাজ ‘এমভি জাহানমনি’ ২০১০ সালে সোমালীয় জলদস্যুদের হাতে ১০০ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছিল।
গত মঙ্গলবার কেএসআরএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আর শিপিং পরিচালিত এমভি আবদুল্লাহকে সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করে। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল পূর্ব দিকে ভারত মহাসাগর থেকে জাহাজটি ছিনতাই হয়। এ সময় জাহাজে থাকা ২৩ নাবিককেও বন্দী করা হয়। তবে তাদের নামাজ, রোজা ও ইফতারের সুযোগ দেওয়া হচ্ছে।