পাঁচ টাকা দরে বিক্রি হচ্ছে বেগুন

পাবনার ঈশ্বরদী উপজেলার বরইচরা হাটে বেগুন এখন বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকায়। আজ শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার বরইচরা হাটে এই দামে বেগুন বিক্রি করতে দেখা যায়।

রমজানের প্রথমদিন সকালে ঈশ্বরদী বাজারে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এ সবজি।

বরইচরা হাটের তত্ত্বাবধায়ক জিল্লুর রহমান জীবন বলেন, আজকে বাজারে অনেক সবজি এসেছে। বিশেষ করে প্রচুর পরিমাণে বেগুন ও বাধাকপি এসেছে। এখন বাজারে সবচেয়ে ভালো বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে। আর একটু নিম্নমানের বেগুন পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হাটে সবজি কিনতে আসা আব্দুল মান্নান বলেন, বেগুনের দাম শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি। গতবছর রমজানে প্রতিকেজি বেগুন ৬০ থেকে ৯০ টাকায় কিনেছি। এবার হাটে এসে দেখি ৫-১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই এক কেজির পরিবর্তে দুই কেজি কিনেছি।