রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

পবিত্র রমজান মাসের প্রথম জুমায় বায়তুল মোকাররম মসজিদে ছিল মুসল্লিদের ঢল। হয়েছে বিশেষ মোনাজাত। নামাজে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই মুসল্লিরা আসতে থাকেন। আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। গতকাল শুক্রবার পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন দেশবাসী। রহমতের দশকের চতুর্থ রোজায় পড়েছে বরকতময় এ জুমা।

বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকায় নানা বয়সী মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।

মসজিদে জুমার নামাজ পড়তে আসাদের মধ্যে একজন মুসলিম উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, ‘শান্তিনগর থেকে এসেছি জাতীয় মসজিদে নামাজ পড়তে। রোজার প্রথম জুমা আজ, তাই আল্লাহর সন্তুষ্টি আদায়ে আগেভাগেই চলে এসেছি। দেরি করলে জায়গা পাওয়া যায় না। পরিবারসহ দেশবাসী ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে কবুল করেন।’

মগবাজার থেকে আসা একজন মুসল্লি বলেন, ‘সাধারণত জুমার নামাজ এলাকার মসজিদেই পড়ি। তবে রমজানের প্রথম জুমাটা বায়তুল মোকাররমে পড়তে চেয়েছিলাম, তাই চলে এলাম।’ নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা। পরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন তারা। এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

এদিকে নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ সদস্যদের।