গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়া প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের শাকিল মিয়া, সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় বিল্লাল শিকদার, বাঁশবাড়ী গ্রামের বাঁধন শেখ ও সিঙ্গারকৃল গ্রামের মাবিয়া শেখ।
ওসি জানান, বাগেরহাটের বাসিন্দা পিকিং বর্মণের সঙ্গে প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার মাবিয়ার পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে তাদের মধ্যে নিয়মিত কথোপকথন চলতে থাকে। গত বুধবার দেখা করার জন্য গোপালগঞ্জে আসার প্রস্তাব দেন মাবিয়া। পরে পিকিং বর্মণ দেখা করতে গোপালগঞ্জ এলে তাকে জিম্মি করে মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন এই প্রতারকচক্রের সদস্যরা। এ ঘটনায় পিকিং বর্মণ প্রতারকচক্রের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার গভীর রাতে বোড়াশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিল, বিল্লাল শিকদার, বাঁধন ও মাবিয়া শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওসি আরও জানান, ওই ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।