নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমনকে দ্রুত অপসারণ এবং শাস্তির দাবিতে ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ‘জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম কমিটির ব্যানারে বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক মানুষ বিক্ষোভ সহকারে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রবেশ করেন। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
সংগ্রাম কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান ২০২৩ সালের জানুয়ারি মাসে যোগদানের পর থেকে গত এক বছরে বিভিন্ন অনুষ্ঠান, প্রশিক্ষণ, কর্মশালা, অডিটোরিয়াম সংস্কারের নামে অন্তত ৫০ লাখ টাকার দুর্নীতি করেছেন। তিনি শিল্পকলা একাডেমির শিক্ষক-কর্মচারীদের অপমান করে শিল্পকলা থেকে বের করে দিয়েছেন। এ ব্যাপারে জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। আনীত অভিযোগ সঠিক নয়।’