রিজভী বললেন

আ.লীগের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য সরকারের ব্যর্থতা আড়ালের ধূম্রজাল সৃষ্টির অপকৌশল। আসলে আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট।’ গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘বিএনপির নেতারা তো কেবল জেল থেকে বেরোচ্ছেন। এখনো শত শত নেতা-কর্মী কারাগারে। আর সিন্ডিকেটের মতো এ রকম প্রভাবশালী চক্র যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না, এটা শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতেই প্রমাণিত। কারণ, একটা পৃষ্ঠপোষকতা লাগে...ক্ষমতার একটা ছায়া লাগে...তখনই সিন্ডিকেটবাজরা দুরন্তগতিতে ছুটতে থাকে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যতই চিৎকার করেন, দেশবাসীর কাছে এটি প্রমাণিত যে আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট। সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙার কর্মসূচিতে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মামুন আহমেদ, আতাউর রহমান ঢালী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।