প্রধানমন্ত্রী ইফতার পার্টি না করে সে অর্থ নিম্নবিত্তের জন্য ব্যয়ের নির্দেশ দিয়েছেন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ১ কোটি ৩০ লাখ পরিবারকে টিসিবির পণ্য দিচ্ছেন। সেখান থেকে স্বল্পমূল্যে চাল-ডাল, তেল ক্রয় করতে পারছেন নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষ।

আজ শনিবার (১৬ মার্চ) সকাল ১০টায় নাটোরের সিংড়ায় সরকারি খাদ্য গোডাউন চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পরপর দুই বছর মহামারী করোনা, দুই বছর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারাবিশ্বে অর্থনৈতিক অবস্থা মারাত্মক সঙ্কটের মধ্যে পড়েছে। যার জন্য আমরা বাংলাদেশের মানুষ দায়ী না, বাংলাদেশের সরকার দায়ী না। কিন্তু এর ভুক্তভোগী আমাদের হতে হচ্ছে। আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেড়ে গেছে। আমাদের নিম্নবিত্তদের চাল-ডাল অনেক বেশি দামে কিনতে হচ্ছে। এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও সকল পর্যায়ের নেতাকর্মীদের ইফতার পার্টি না করে সে অর্থ নিম্নবিত্তের পেছনে ব্যয় করার নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাকে ভোট ও ভালোবাসা দিয়েছেন বলে জননেত্রী শেখ হাসিনা আমাকে পরপর তিনবার মন্ত্রিপরিষদের সদস্য মনোনীত করে দেশ ও দেশের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আমৃত্যু সিংড়ার ৫ লাখ মানুষের সেবক হয়ে সেবা করে যেতে পারি সেজন্য সকলে দোয়া করবেন। আমি যেন সব সময় সিংড়ার মানুষের মুখে হাসি ফোটাতে পারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান লিখন প্রমুখ।