সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয় শনিবার (১৬ মার্চ) দিনব্যাপী শতবছরের ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয়ের শাহ শরীফ জিন্দানী (রঃ) এর মাজার প্রঙ্গণে তিন দিনব্যাপী বার্ষিক ওরশের শেষ দিনে এ ‘বউ মেলা’ অনুষ্ঠিত হয়।
এ দিন সকাল থেকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রঃ) মাজার এলাকায় দূর-দূরান্ত থেকে শত শত নারী তাদের স্বামী, শাশুড়ি ও সন্তান নিয়ে এ বউ মেলায় এসে পছন্দের সামগ্রী কিনে ঘরে ফেরেন। ফলে মেলা প্রঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজক কমিটির সদস্য আশরাফ আলী বাবলু জানান, তাড়াশ, উল্লাপাড়া, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর এই চার উপজেলার হাজার হাজার নারীদের উপস্থিতিতে মেলাস্থল সরগরম হয়ে ওঠে। বিশেষ করে এদিনে বউ-শাশুড়ির কেনাকাটার দৃশ্য হৃদয়পটে স্মরণীয় হয়ে ওঠে। ঐতিহ্যবাহী এ বউ মেলা বউ-শাশুড়ির ভালোবাসার অসাধারণ স্মৃতিও বহণ করে।
শাহ শরীফ জিন্দানী (রঃ) মাজারের মোতাওয়াল্লি আব্দুল হাই সরকার জানান, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতীর (রহঃ) আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে শেষের দিন শনিবার এই ঐতিহ্যবাহী বউ মেলার অনুষ্ঠিত হয়।
মেলার বিশেষ আকর্ষণ কাঠের তৈরি আসবাবপত্র, গৃহস্থালী জিনিসপত্র, মৃৎপাত্র, প্রসাধনী সামগ্রী, মিঠাই মিষ্টান্ন থেকে সব কিছুই পাওয়া যায়। বছরের একটি দিন বউমেলাকে ঘিরে এলাকার ঘরে ঘরে জামাই-মেয়ে নিমন্ত্রণ করা হয়। ফলে এ এলাকার ঘরে ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।