রণবীর কাপুর থেকে সানি দেওল, সাই পল্লবী, যশ, রাকুল প্রীত সিং— এক ঝাক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘রামায়ণ’। মার্চের শেষ দিকে নীতেশ তিওয়ারি পরিচালিত এ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না।
শুটিং শুরুর আগ মুহূর্তে কোনো কথা বলা ছাড়াই চম্পট দিয়েছেন সিনেমাটির প্রযোজক আল্লু অরবিন্দ ও মধু মন্টেনা। হঠাৎ করেই মধু জানান, আর কোনও টাকা বিনিয়োগ করবেন না। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে এই খবর। কিন্তু কী কারণে প্রযোজকের এমন সিদ্ধান্ত, সেই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।
খবর, নীতেশের এই সিনেমা ভারতের অন্যতম বড় বাজেটের সিনেমা হতে চলেছে। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট— সব দিক থেকে অন্য অনেক সিনেমাকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে বলে অনুমান ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের। মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং। যার সিংহভাগ শুট করা হবে মুম্বাইয়ে। তার পর লন্ডন পাড়ি দেবে গোটা টিম।
শুধু তাই নয়, হলিউডের অস্কারজয়ী ভিএফএক্স সংস্থার সঙ্গে জোটবদ্ধ হন তারা। কিন্তু তার মাঝেই ছন্দপতন। আসলে অনকে দিন ধরেই চর্চায় রয়েছে এই সিনেমা। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হতে চলেছে এটি। ঘোষণার পর থেকে একাধিকবার নানা কারণে পিছিয়ে গিয়েছে কাজ। শেষমেশ আশার আলো দেখা গেলেও কিন্তু এবার প্রযোজক পিছিয়ে যাওয়ায় সংশয় দেখা দিয়েছে এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে।