ভারতের উইমেনস প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে ফাইনালে ওঠার ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেন অজি অলরাউন্ডার এলিস পেরি। তার ৬৬ রানের সর্বোচ্চ ইনিংসে ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে আরসিবি। ম্যাচ জেতেন ৫ রানের ব্যবধানে। তারপর দারুণ এক পুরস্কার পান পেরি। ফ্রেমভর্তি ভাঙা কাঁচের টুকরো হাতে পেয়ে অবাকই হন পেরি।
আসরের একটি ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৮ রানের ইনিংস খেলার পথে ছক্কা মেরে বাউন্ডারি লাইনের পাশে রাখা পুরস্কারস্বরূপ গাড়ির কাঁচ ভেঙে ফেলেছিলেন পেরি। টাটা কোম্পানির পক্ষ থেকে ভাঙা কাঁচের টুকরোগুলো একত্রিত করে একটি ফ্রেম বানানো হয়। সেই ফ্রেমটিই উপহার হিসেবে দেওয়া হয় পেরিকে।
সেই ছবি ইন্টারনেট দুনিয়াতেও ছড়িয়ে পড়েছে দিব্যি। টাটার পক্ষ থেকে নেওয়া অভিনব উদ্যোগের প্রশংসাও হয়েছে। এমন উপহার পেয়ে উজ্জীবিত পেরির ব্যাটের দিকে চেয়ে থাকবে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি। কাল রাত ৮টায় দিল্লির মাঠে ফাইনাল দিয়ে শিরোপাখরা ঘুঁচাতে চাইবেন পেরি ও আরসিবি।