দলকে জিতিয়েও পরের ম্যাচে নিষিদ্ধ ভিনিসিউস!

দারুণ ছন্দে থাকা ভিনিসিউস জুনিয়র জ্বলে উঠলেন আবারও। করেছেন জোড়া গোল। তাতে আজ লা লিগায় রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে ওসাসুনাকে। তবে লিগে রিয়ালের পরের ম্যাচে খেলতে পারবেন না ভিনি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের চার মিনিটে ভিনিসিউসের গোল এগিয়ে যায় রিয়াল। তিন মিনিট পরই সমতায় ফেরে ওসাসুনা আন্তে মুদিমিরের গোলে। তবে ১৮ মিনিটে দানি কার্ভাহাল ও ৬১ মিনিটে ব্রাহিম দিয়াজ গোল করলে ফের এগিয়ে যায় রিয়াল।

৬৪ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ান ভিনিসিউস। জয়ের আনন্দের দিনে রিয়ালের জন্য অস্বস্তি ভিনির নিষেধাজ্ঞা। এই ম্যাচ দিয়ে চলতি লা লিগায় পাঁচটি হলুদ কার্ড দেখায় আন্তর্জাতিক বিরতির পর বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

ম্যাচের যোগকরা সময়ে আরেকটি গোল শোধ দেন ওসাসুনার ইকার মুনোজ। তাতে ৪-২ এ জয় পায় রিয়াল।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে তারা এগিয়ে গেল ১০ পয়েন্টে (গেতাফে-জিরোনা ম্যাচের আগে)।