মঈন খান বললেন

বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় সরকার

সরকার শুধু বিরোধী দলের ওপর নির্যাতন করছে না, তারা দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘বিরোধী দলকে জুলুম-নির্যাতন করে নিশ্চিহ্ন করা যাবে না। সরকার গায়ের জোরে দেশ শাসন করছে। এটা তো কোনো স্বাভাবিক দেশের পরিস্থিতি হতে পারে না।’

গতকাল শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলের বাসায় তাকে দেখতে গিয়ে মঈন খান এসব কথা বলেন। এ সময় বিএনপির যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এরপর কারাগারে থাকা যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন মঈন খান। এ সময় তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দলের শ্রমিকবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খানের মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে।