রাজধানীর বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মাটিবোঝাই ট্রাকচাপায় আল আমিন (১৮) নামে এক যুবক মারা গেছেন। গত শুক্রবার রাত ২টার দিকে বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আশকোনা সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির মামুন জানান, রাতে ওই যুবক মার্কেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মাটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। তখন ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আল আমিন বিমানবন্দর এলাকায় ভাসমানভাবে থাকতেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাকরনগর গ্রামে। বাবার নাম মৃত হুমায়ুন কবির।