বংশালে পিকআপে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৫

রাজধানীর বংশাল থানা এলাকায় পিকআপ থেকে চাঁদা আদায়ের সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ। গত শুক্রবার রাতে বংশাল থানার সুরিটোলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রানা, শফিক, আক্তার, প্রদীপ ও নুর হোসেন নুরু। এ সময় তাদের হেফাজত থেকে চাঁদা আদায়ের রশিদ, নগদ ১ হাজার ৪০০ টাকা, তিনটি লাঠি ও একটি বাঁশি উদ্ধার করা হয়।

বংশাল থানার অফিসার ইনচার্জ মো. মইনুল ইসলাম জানান, একটি পিকআপের ড্রাইভার বিভিন্ন কাঁচামাল নিয়ে শুক্রবার রাত আড়াইটায় বংশাল থানার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে এলে কয়েকজন ব্যক্তি লাঠি উঁচিয়ে ও বাঁশি বাজিয়ে তার গাড়িটি থামায়। এরপর একটি ৫০ টাকার রসিদ হাতে ধরিয়ে দিয়ে ৫০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা ড্রাইভারকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৫০০ টাকা চাঁদা আদায় করে। এভাবে আশপাশের অন্যান্য গাড়ি থেকেও চাঁদা নিচ্ছিল। সে সময় ভিকটিমের চিৎকার শুনে পাশে টহলরত বংশাল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের দৌড়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।