দুই মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্ত হার

গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে দুই মাসের মধ্যে করোনা সংক্রমণের হার ছিল সর্বনিম্ন। এ সময় ৭৭৮টি নমুনা পরীক্ষা করে ৩৬ করোনা রোগী শনাক্ত হয়। রোগী অনুপাতে শনাক্ত হার ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ। এর আগে এর চেয়ে কম হার ছিল ১৩ জানুয়ারি, ৩ দশমিক ৫৫ শতাংশ। সেদিনও ৩৬ রোগী শনাক্ত হয়।

গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটে। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যু হয়। এ নিয়ে এই পর্যন্ত ২০ লাখ ৪৯ হাজার ১২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ২৯ হাজার ৪৯২ জন। মোট মৃত্যুর ১৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ১০ হাজার ৬৭৯ জন নারী। নারীদের মৃত্যুহার ৩৬ শতাংশ ও পুরুষের ৬৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে পাঁচ ও ঢাকার বাইরে পাঁচজন। নতুন রোগীদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী।

এ নিয়ে এই বছর এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৩৭ ও মারা গেছে ২০ জন। মোট রোগীর মধ্যে ৯৭৪ পুরুষ ও ৫৬৩ জন নারী। মোট মৃত্যুর ১১ জন নারী ও ৯ জন পুরুষ।