বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় গোলাম আরিফ টিপু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুকে ঢাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় দাফন কাজ শেষ হয়েছে বলে জানান তার মেয়ে ডানা নাজলী। তিনি জানান, রাজশাহীতে জানাজার পর সড়ক পথে তার বাবার মরদেহ আনা হয় ঢাকায়।

গত শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন মারা যান গোলাম আরিফ টিপু। ওইদিন তার প্রথম জানাজা সম্পন্ন হয় নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নিজ বাসায়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে লাশ নিয়ে আসা হয় তার কর্মস্থল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিকেল ৩টার পর অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হয়। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর মরদেহ নেওয়া হয় কমিউনিস্ট পার্টির অফিসে।

গতকাল শনিবার তার মরদেহ নেওয়া হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। সেখানে গতকাল সকালে রানীহাটি ঈদগাহ মাঠে একটি জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাজশাহী কলেজ প্রাঙ্গণে হয় আরেকটি জানাজা। ওই জানাজায় রাজশাহী সিটি মেয়র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এরপর তার মরদেহ সড়ক পথে ঢাকা এসে পৌঁছায় বিকেলে। সন্ধ্যার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন হয়।