ছিটকে গেলেন সাকিব, হাসান মাহমুদকে এসওএস

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আগামীকাল। সিরিজে সমতা থাকা এই ম্যাচটি অলিখিত ফাইনাল। যে জিতবে সিরিজ জয়ের ট্রফি তার হাতেই উঠবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার জায়গায় ঢাকা থেকে চট্টগ্রামে উড়িয়ে নেওয়া হচ্ছে আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদকে।

সিরিজের প্রথম ওয়ানডেতে তানজিম তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। নিজের নবম ওভারে দ্বিতীয় বল করেই চোটে পড়েছিলেন তিনি। উঠে যান মাঠ থেকে। পরে আর বোলিং করতে না হলেও ফিল্ডিংয়ে নিয়েছিলেন দুর্দান্ত একটি ক্যাচ।

আজ সকালে অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তাতেই সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশের এই পেসার। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন সাকিব। তিনি ছাড়াও দলে পেসার আছেন আরও তিনজন।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, ‘তানজিম ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা ও অস্বস্তি অনুভব করছেন। আজ অনুশীলনে তার কোনো উন্নতি হয়নি এবং আগামীকাল খেলার জন্যও সে ফিটও নয়।’

এদিকে সাকিবের জায়গায় দলে ডাক পাওয়া হাসান মাহমুদ ঢাকা প্রিমিয়ার লিগে খেলছিলেন প্রাইম ব্যাংকের হয়ে। আজ সিটি ক্লাবের বিপক্ষে এখন পর্যন্ত ৬ ওভার করে ১ মেইডেনসহ খরচ করেছেন ২৩ রান। যদিও থেকেছেন উইকেট শূন্য। আগের দুই ম্যাচেও ঝুলিতে পুড়েছেন ৪ উইকেট। সর্বোচ্চ ১৫ রানে ৪ উইকেট।