ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে খেলবে ব্রাজিল। তিনদিন পর মাদ্রিদে সেলেসাওদের প্রতিপক্ষ স্পেন। কিন্তু সেই ম্যাচ দুটির আগ মুহূর্তে দল থেকে ছিটকে পড়লেন কাসেমিরো। অভিজ্ঞ এই মিডফিল্ডারের জায়গায় নেওয়া হয়েছে পেপেকে।
চোটের কারণে থাকছেন না প্রথম পছন্দের দুই গোলকিপার আলিসন বেকার ও এদেরসন, ডিফেন্ডার মার্কিনিয়োস ও ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লিকে। সেখানেই এবার যোগ হলো কাসেমিরোর নাম।
চোটের কারণে দল বাছাই করা কতটা কঠিন হয়ে পড়েছে, তা ফুটে উঠল কোচ দরিভাল জুনিয়রের কথায়, ‘৫০ জনের প্রাথমিক তালিকা থেকে চোটের কারণে এর মধ্যেই ১৩ জনের না থাকা নিশ্চিত করা হয়েছে তাদের ক্লাবের পক্ষ থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমরা কাসেমিরোকেও হারালাম। পোর্তোর পেপেকে দলে ডাকা হয়েছে, এমনিতে ফরোয়ার্ড হলেও এখন খেলছে মিডফিল্ডে।’
মূলত উইঙ্গার হলেও পেপে খেলেছেন রক্ষণেও। এখন মাঝমাঠে খেলছেন ২৭ বছর বয়সী ফুটবলার। ব্রাজিলের হয়ে আগে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। গত বছর মাঠে নেমেছিলেন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। দলের পরাজয়ের ম্যাচে মিনিট দশেক খেলেছিলেন তিনি।