শেখ কামাল যুব ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণের শিরোপা জিতেছে উত্তরাঞ্চল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে পূর্বাঞ্চলকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করেছিল পূর্বাঞ্চল। তানভীরুজ্জামান মাহিন সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন। ২৭ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ২ ছক্কায়। এছাড়া অধিনায়ক আল ফাহাদ ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রান করে।
উত্তরাঞ্চলের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন মো. সাকলেন মোস্তাক ও আপন শেখ।
জবাবে ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় উত্তরাঞ্চল। ৪০ বলে তিনটি করে চার ও ছক্কায় ৫৩ রান করেন জারিফ রহমান। ২৬ বলে ৪০ রান করেন মাজহারুল ইসলাম সাগর। তার ব্যাট থেকেও আসে তিনটি করে চার ও ছক্কার মার। তাতেই শিরোপা উঠে তাদের হাতে।