সেমাইয়ের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এক বছর আগে। মেয়াদের সিল ঘসে তুলে ফেলন ব্যবসায়ী। এরপর সেখানে নতুন করে মেয়াদ বসিয়ে নিয়ে আসেন বাজারে। এ ঘটনায় চঞ্চল মিয়া নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে গাইবান্ধা ভোক্তা অধিকার।
রবিবার (১৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন।
তিনি জানান, গাইবান্ধা শহরে দাস বেকারির মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতক্ষীরা জেলায় উৎপাদিত "ভ্যালী লাচ্ছা সেমাই" প্যাকেটজাত সেমাই চঞ্চল মিয়া নামের এক ব্যবসায়ী গাইবান্ধায় নিয়ে আসে। সেগুলো মেয়াদোত্তীর্ণ। কিন্তু চঞ্চল মিয়া গত বছরের সেই মেয়াদোত্তীর্ণ সেমাইয়ের প্যাকেটের গায়ে উৎপাদন মেয়াদ ঘষে তুলে নতুন করে মেয়াদের সিল বসান। তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।