রাজধানীর জুরাইনে একটি খালের পানিতে পড়ে কামাল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে জুরাইন বিড়ির কারখানার পাশে খালের পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত কামাল হোসেনের ভাই জামাল হোসেন জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের সদর উপজেলার হলুদিয়া গ্রামে। বতর্মান কদমতলী জুরাইন মিষ্টির দোকান রোড ইউসুফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তার বাবার নাম আসলাম হোসেন।
জামাল হোসেন আরও জানান, বাসার পাশেই তাদের পাখির খাচা তৈরির কারখানা আছে। সেখানেই কাজ করতেন কামাল। মৃগী রোগী ছিলেন তিনি। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সন্ধ্যার দিকে বাসার অদূরে ওই খালের পানিতে পড়ে যায় কামাল। পরে স্থানীয়রা তাকে পানি থেকে তুলে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।