সৌদি আরবের রিয়াদে প্রদর্শিত হচ্ছে ৪২টি বিরল কোরআন শরীফ। বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি প্রদর্শনীটির আয়োজন করেছে, যা চলছে রিয়াদের আল মুরাবা কোয়ার্টারে। রবিবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, এসব বিরল কোরআনের মাধ্যমে ইসলামিক ক্যালিগ্রাফি এবং অলঙ্করণের বিষয়টি ফুটে উঠেছে।
বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরির সুপারভাইজার জেনারেল আব্দুল রহমান প্রদর্শনীর উদ্বোধনীতে বলেন, তাদের কাছে কোরআন শরীফের বিরল কপি রয়েছে। যার মধ্যে রয়েছে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন শরীফ। এছাড়াও প্রদর্শনীতে রয়েছে আরবি কবিতা এবং অন্যান্য ক্যালিগ্রাফি।
চার দশক ধরে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরোনো পাণ্ডুলিপির মাধ্যমে লাইব্রেরিটি ইসলামিক এবং আরব সংস্কৃতি সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। ২০০৭ সালে পবিত্র হজের ওপর একটি তথ্যচিত্র তৈরি করেছিল লাইব্রেরিটি, যা সারা বিশ্বে প্রদর্শন করা হয়।