ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বিরুদ্ধে আনীত অভিযোগ অর্থ আত্মসাৎ নয়, বরং চুক্তিবিষয়ক জটিলতা। ১৬ মার্চ শনিবার অভিনয় শিল্পী সংঘের অফিসে দুপক্ষের উপস্থিতিতে বৈঠক শেষে এমনটা জানায় শিল্পী সংঘ।
শনিবার সন্ধ্যায় এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল, টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, সাম্প্রতিক সময়ে জিয়াউল ফারুক অপূর্ব এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওসের মধ্যকার সংঘটিত কাজের চুক্তি বিষয়ক যে জটিলতা তৈরি হয়েছিল তাতে উভয়পক্ষই প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে ১৬ মার্চ ২০২৪ তারিখে দুপক্ষের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় সবার কাছে এটাই প্রতীয়মান হয় যে, চুক্তি মোতাবেক উভয় পক্ষই পরিপূর্ণভাবে কার্য সম্পাদন করেননি। চুক্তি অনুযায়ী জিয়াউল ফারুক অপূর্ব ৯টি নাটকে অভিনয় করেছেন এবং বাকি নাটকগুলো উভয় পক্ষই আর না করার বিষয়ে একমত হয়েছেন। সে ক্ষেত্রে অপূর্বকে প্রদান করা বাকি যে নাটক বাবদ অগ্রিম অর্থ তা উভয় পক্ষ সমন্বয় করে নেবে।
সেখানে আরও বলা হয়, উদ্ভূত ঘটনা কোনোভাবেই অর্থ আত্মসাৎ নয়, এটা চুক্তি বিষয়ক জটিলতা। পুরো বিষয়টি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়হীনতার কারণে ঘটেছে। এর আগে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের নামে অর্থ আত্মসাৎ, চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে গত ৩ মার্চ লিগ্যাল নোটিস পাঠায় আলফা আই। এরপর গত ১১ মার্চ লিখিত অভিযোগ দেয় অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাবে।