চট্টগ্রামের চন্দনাইশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ ১১ জন আহত হয়েছে। গত শনিবার রাত ১০টায় উপজেলার দোহাজারী পৌর সদরে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌর সদরের জিকু গ্রুপ ও আকবর গ্রুপের মধ্যে নির্বাচনের পর থেকে দোহাজারী সদরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাত ১০টার সময় হাজারী শপিং সেন্টারের দোতলায় জিকু সেলুনে চুল কাটাতে এলে আকবরও তার ছেলেকে নিয়ে একই সেলুনে চুল কাটাতে আসেন। আগে কে চুল কাটাবে এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হলে দুজন দুদিকে নেমে চলে যান। এ সময় জিকু গ্রুপের লোকজন নিয়ে হাজারী টাওয়ারের সামনে জিকু কথা বলতে থাকলে আকবর গ্রুপ তার দলবল নিয়ে জিকুর সঙ্গে কথা-কাটাকাটিতে লিপ্ত হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এতে তিন পুলিশসহ উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতরা হলো পুলিশ কনস্টেবল আরিফ, কনস্টেবল সাইফুল, কনস্টেবল মাহাফুজ, আরিফ, রুহিত, সাবিত খান, জিকু, তামিম, ইসমাইল ও হাসান। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দোহাজারী পৌরসভার ১টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণের জন্য ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ঘটনা পুলিশ নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।