রিজভী বললেন

ডিপফেইক ভিডিও তৈরি করে বিএনপির নামে চাঁদাবাজি হচ্ছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জুম মিটিংয়ে দেওয়া বক্তব্যকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের মাধ্যমে বিকৃত ডিপফেইক ভিডিও তৈরি করে দেশ-বিদেশে থাকা বিএনপির শুভানুধ্যায়ীদের কাছে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘এটি এমন একটি লজ্জাজনক এবং ঘৃণ্য চক্রান্তের বিষয়; যা শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের রাজনীতিতে বিরোধী মতের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারের একটি জঘন্য উদাহরণ হিসেবে মাইলফলক হয়ে থাকবে। তারেক রহমান শুধু লন্ডনে বসে প্রযুক্তির সহায়তায় দেশের আনাচে-কানাচে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই যোগাযোগের জন্য প্রধানত ব্যবহার করা হয় জুম নামে একটি অ্যাপ। সম্প্রতি সরকারপন্থি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম এবং মিডিয়া আউটলেট থেকে তারেক রহমানের জুম মিটিংয়ে দেওয়া বক্তব্যকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে বিকৃত ডিপফেইক ভিডিও তৈরি করে চাঁদাবাজির ভিডিও প্রচার করা হচ্ছে।’