ওজনে কারসাজির রিমোট কন্ট্রোল

ডিজিটাল ওজন মেশিনে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কারসাজির প্রযুক্তি ছড়িয়েছে তিন তরুণ। তাদের সরবরাহ করা ডিজিটাল ওজন মেশিন ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের ঠকিয়ে আসছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিনব এই প্রতারণাকারীদের চারজনকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন সিরাজুল ইসলাম ওরফে সজিব (৩৩), মো. মনির (৩৫), মো. লিটন (৩৮) ও মো. আলাউদ্দিন খান (২৮)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি ডিজিটাল ওজন মেশিন, সাতটি রিমোট কন্ট্রোলসহ কারসাজি করার বিভিন্ন সরঞ্জাম। এ চক্রের মূলহোতা সজিব।

ডিবি বলছে, ডিজিটাল ওজন মেশিন রিমোট কন্ট্রোলের মাধ্যমে কারসাজি করে ওজন কম বেশি করার কৌশল বের করেছে গ্রেপ্তারকৃত তিনজন। এই কৌশল ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বিভিন্ন পাইকারি বাজারে পণ্য বিক্রি করতে আসা ব্যবসায়ীদের ঠকানো হতো। এভাবে দীর্ঘদিন ধরে পাইকারি পণ্য বিক্রেতা ও ক্রেতাদের ঠকিয়ে আসছিলেন সজিব ও তার চক্রের সদস্যরা।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন-অর-রশীদ।