পাবনায় সাবেক চরমপন্থি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা

পাবনায় আবদুর রাজ্জাক শেখ (৩৮) নামে আত্মসমর্পণ করা এক চরমপন্থি দলের সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত ১১টার দিকে জেলা সদরের গয়েশপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে এঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আত্মসমর্পণ করে তিনি স্বাভাবিক জীবনে ফেরেন। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, রবিবার সন্ধ্যায় ইফতার শেষে তারাবি নামাজে যান আবদুর রাজ্জাক। নামাজ শেষে গ্রামের বাজারে চা পানের জন্য একটি দোকানে বসেন। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ থেকে ছয়জন মুখোশধারী যুবক এসে তাকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, নিহত আবদুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে আত্মসমর্পণের পর তিনি স্বাভাবিক জীবন যাপন করছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, সেটি এখনো জানা যায়নি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পাবনা সদর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।