জানিথ লিয়ানাগে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাসকিনকে কাভার দিয়ে মারা চার। হেলমেটটা খুলে এনে ব্যাটটা তুলে ধরলেন জানিত লিয়ানাগে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদ্যাপন শ্রীলঙ্কা ব্যাটসম্যানের! সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের হাইলাইটস তিনিই।
এরপর শর্ট বলে ক্যাচ তুলেছিলেন প্রমোদ মাদুশান। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয় এনামুল হক বিজয় ও বদলি ফিল্ডার জাকের আলি অনিকের। এনামুল অবশ্য ক্যাচ নিয়েছেন ঠিকই।
তবে মোস্তাফিজের পর এবার জাকের স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। এর আগে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে উঠে গেছেন সৌম্য সরকারও।
পরের বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়েছেন লাহিরু কুমারা। শেষ ২ বলে এসে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ২৩৫ রানে। তবে লিয়ানাগে তাদের লড়াই করার মতো একটা স্কোর এনে দিয়েছেন।