যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে গ্রামীণ ব্যাংক। এ উপলক্ষে ১৭ মার্চ (রবিবার) ২০২৪, বিকাল ৩টায় গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়, মিরপুর-২, অডিটোরিয়ামে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছাইদুজ্জামান ভূঞা।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ বলেন, ‘বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতিই শুধু নন, বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামের অনুপ্রেরণার উৎসও হয়ে উঠেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছে গ্রামীণ ব্যাংক।’
ব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদ বলেন, ‘বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। তাঁর এ গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠুক- এই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমাদের অঙ্গীকার।’
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।