পাসপোর্ট ছাড়া কানাডায় গিয়ে জরিমানা দিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এক বিমানবালা। ‘ভুলবশত’ পাসপোর্ট ফেলে যাওয়ায় প্রায় ২০০ ডলার জরিমানা দিতে হয়েছে তাকে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ হাজার টাকারও বেশি। খবর জিও নিউজের।
জানা গেছে, গত ১৫ মার্চ পিআইএর একটি ফ্লাইটে (পিকে-৭৮১) ইসলামাবাদ থেকে টরন্টোতে যান ওই কর্মী। সাধারণ ঘোষণার নথির মাধ্যমে তাকে বিমানে উঠতে হয়। ফলে কানাডিয়ান কর্তৃপক্ষ তাকে জরিমানা করে, যা প্রকাশ্যে আসে রবিবার।
পিআইএর মুখপাত্র ওই বিমানবালার পরিচয় গোপন রেখে বলেন, তিনি করাচি বিমানবন্দরে তার পাসপোর্ট ফেলে গেছেন। একইসঙ্গে অভিযুক্তের কানাডায় থেকে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল না বলেও উল্লেখ করেন মুখপাত্র।
বেশ কিছু দিন ধরে কানাডায় অভিবাসনে ইচ্ছুক পিআইএ কর্মীদের নিখোঁজ হওয়ার কয়েকটি ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে। এখন পর্যন্ত কানাডায় অবতরণের পর পিআইএর ১০ জনেরও বেশি কর্মী আত্মগোপনে রয়েছেন।